ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলায় গাছের চাপায় পড়ে হারুন মজুমদার(২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়নের চরপোটকা গ্রামে কর্মরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
হারুন একই ইউনিয়নের চাঁচড়া এলাকার মৃত রতন মজুমদারের ছেলে। তিনি পেশায় একজন ইন্টারনেট শ্রমিক ও এক সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে চরপোটকা গ্রামের একটি ইট ভাটার কাছে ইন্টারনেটের কাজ করছিলেন হারুন। একই স্থানে কয়েকজন শ্রমিক গাছ কাটার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবসত গাছের একটি বড় ডাল এসে হারুনে মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হারুনে স্ত্রী তিশা কান্না জড়িত কন্ঠে বলেন, “হঠাৎ করে খবর আসে আমার স্বামীর মাথায় গাছ পড়েছে তাকে হাসপাতাল নেওয়া হচ্ছে। পরে হাসপাতালে ছুটে এসে জানতে পারি তার মৃত্যু হয়েছে। এখন আমাদের কোন দাবী নেই। আমার স্বামীর মৃতদেহ বাসায় নিয়ে যাচ্ছি।”
এদিকে, এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। মা, ভাই ও স্ত্রীকে আহাজারি করতে দেখা গেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
























