নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ২৪ বছর পর ঢাকার নবাবগঞ্জে সংঘটিত একটি গণধর্ষণ মামলার রায় দিয়েছেন আদালত। মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম। দণ্ডপ্রাপ্তরা হলেন সুজন, জুলহাস ও মাহাম্মদ। আদালতের আদেশ অনুযায়ী, জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ে আদালত আরও নির্দেশ দেন, দণ্ডিতদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ আদায় করে তা ভুক্তভোগী বা তাঁর পরিবারের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন জেলা ম্যাজিস্ট্রেট।
রায় ঘোষণার সময় আসামি সুজন ও মাহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, পলাতক আসামি জুলহাসের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ২২ মার্চ রাতে নবাবগঞ্জে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর তিনি নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১৮ জুলাই পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন এবং মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এই রায় ঘোষণা করা হয়।
























