চলতি জুলাই মাসে ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। ওয়াশিংটনের এই আগ্রাসনের মুখে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন প্রশাসন চুক্তির শর্ত লঙ্ঘন করায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটি কার্যত স্থগিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ৬ জুলাই থেকে শুরু হওয়া মার্কিন হামলায় এ পর্যন্ত অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। এই বিবৃতি দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালায়।
ইরান সরকারের দাবি, মার্কিন বাহিনীর এসব নির্বিচার হামলায় দেশটিতে সাধারণ মানুষের জন্য ব্যবহৃত একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওই অঞ্চলের প্রায় ১০ হাজার বাসিন্দা তীব্র খাবার পানির সংকটে পড়েছেন।
এদিকে মার্কিন এই হামলার জবাবে ইরানও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। ওয়াশিংটনের আগ্রাসনের প্রতিউত্তর হিসেবে তেহরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় কয়েকটি দেশের দিকে নতুন করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইরানের সামরিক সূত্রে জানানো হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম যুদ্ধ উত্তেজনা বিরাজ করছে।
























