ভোলার চরফ্যাসনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষে নকল করতে না পেরে একদল শিক্ষার্থীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে পরীক্ষা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ গেট ও প্রশাসনিক ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, চরফ্যাসন সরকারি কলেজের ৮৮৪ জন শিক্ষার্থী ওই কেন্দ্রে আইসিটি পরীক্ষায় অংশ নেন। কেন্দ্রটি সিসিটিভির আওতায় থাকায় কঠোরভাবে পরীক্ষা পরিচালনা করা হয়। পরীক্ষা চলাকালে একটি কক্ষের কিছু শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কঠোর অবস্থান নেন। এতে অসদুপায়ে পরীক্ষা দেওয়ার সুযোগ না পেয়ে পরীক্ষা শেষে একদল শিক্ষার্থী সংঘবদ্ধ হয়ে কলেজে হামলা, গেট ও অফিস কক্ষের জানালার কাচ ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
হামলা ঠেকাতে গিয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি, কয়েকজন শিক্ষক ও পথচারী আহত হন। খবর পেয়ে চরফ্যাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমনা আফরোজ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষও এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
























