অনলাইন ডেস্ক
স্পেনের তরুণ ফুটবল তারকা Lamine Yamal–কে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে—তিনি নাকি বাবা হতে চলেছেন। তবে এখন পর্যন্ত এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
গুঞ্জনের সূত্রপাত হয় ইয়ামালের প্রেমিকা Inés García টিকটকে গর্ভধারণ–বিষয়ক একটি ভিডিও পুনরায় শেয়ার করার পর। ভিডিওটিতে গর্ভবতী নারীদের ছবি ও একটি আবেগঘন বার্তা ছিল—‘অন্য একটি হৃদয়কে নিজের গর্ভে ধারণ করার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।’ এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা শুরু হয়।
তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইয়ামাল বা ইনেস—কেউই এখন পর্যন্ত গর্ভধারণ বা সন্তান আসার বিষয়ে কোনো মন্তব্য বা নিশ্চিত তথ্য দেননি। ফলে ১৯ বছর বয়সী ইয়ামাল বাবা হচ্ছেন—এমন দাবি বর্তমানে কেবলই গুঞ্জন।
ইনেস গার্সিয়া স্পেনের সেভিয়ার বাসিন্দা এবং একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। টিকটক ও ইনস্টাগ্রামে ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলভিত্তিক কনটেন্ট তৈরি করে তিনি পরিচিতি পেয়েছেন।
ইয়ামাল ও ইনেসের সম্পর্ক নিয়েও আগে নানা গুঞ্জন ছিল। একসময় দাবি করা হয়েছিল, একটি দোকানে ব্যাংক কার্ড রিজেক্ট হওয়ার ঘটনায় তাঁদের প্রথম পরিচয় হয়। পরে ইনেস নিজেই বিষয়টি অস্বীকার করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমেই তাঁদের পরিচয় এবং জনসমক্ষে আসার আগেই কয়েক মাস ধরে তাঁদের সম্পর্ক ছিল।















