সাকিবুল হাছান
ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড)-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ স্টার কাবাবে সংগঠনের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক গতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এর মধ্যে বাসেডের উদ্যোগে ম্যাগাজিন প্রকাশ, শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম চালু ও সম্প্রসারণ, সংগঠনের বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ দেন। বিশেষ করে ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা ও মেধা বিকাশে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক মতামতের মধ্য দিয়ে সভাটি সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাসেডকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
















