নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে ওআইসির দৃঢ় সমর্থনের কথা জানিয়েছেন।
বুধবার সৌদি আরবের জেদ্দায় ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের অভিনন্দনপত্র মহাসচিবের কাছে হস্তান্তর করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। ওআইসি মহাসচিব বলেন, সংকটটির দীর্ঘমেয়াদি সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা সংশ্লিষ্ট সবার জন্য গুরুতর সমস্যা তৈরি করতে পারে।
রাষ্ট্রদূত জাবেদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন মহাসচিবের দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান।
বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও উন্নয়ন নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও এগিয়ে যাবে বলে আশাবাদ জানান ওআইসি মহাসচিব।
আইইউটির গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা
বৈঠকে গাজীপুরে অবস্থিত ওআইসির প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) নিয়েও আলোচনা হয়। মহাসচিব বলেন, সদস্য দেশগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে আইইউটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে আইইউটির গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। বাংলাদেশ তাঁর সফরসূচির পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বলেও জানান ওআইসি মহাসচিব।
সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বৈঠকে প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের বৈচিত্র্য কাজে লাগিয়ে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
চুক্তিভিত্তিক চাষাবাদ, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, আতিথেয়তা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে যৌথ প্রকল্প গ্রহণের মাধ্যমে পারস্পরিক লাভজনক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে আলোচনা হয়।
বাংলাদেশের জনগণ ও নতুন নেতৃত্বের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য ওআইসি মহাসচিবকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত জাবেদ। পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ওআইসি সচিবালয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।














