একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

16 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

 

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

 

শিক্ষার্থীরা একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ফল দেখতে পারবেন। আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।

 

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

 

পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।

 

ক্লাস শুরু এক দিন পিছিয়েছে

‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা ছিল। তবে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর করা হয়েছে।

 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

মেধাক্রমে ভর্তি, নেই পরীক্ষা

এর আগে ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এ প্রক্রিয়ায় কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। অনলাইন আবেদনের ফি ছিল ২২০ টাকা।

 

একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পেরেছেন। আবেদনকারীদের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ ছিল ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

 

ভর্তি নিশ্চায়নের সময় বোর্ডকে ৩৪০ টাকা ফি দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন, ক্রীড়া, বিএনসিসি, রোভার/রেঞ্জার, রেড ক্রিসেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধার বিভিন্ন ফি অন্তর্ভুক্ত রয়েছে।

 

নীতিমালা অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল হতে পারে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted