ভোলা প্রতিনিধি:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ভোলা প্রেসক্লাবের সামনে জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা হবিগঞ্জে সারজিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, কোনো অপশক্তি কিংবা হামলা-মামলা দিয়ে এনসিপির নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমাবেশে বক্তব্য দেন ভোলা জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. এবিএম নুরুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, আল আমিন মামুন, যুব শক্তি ভোলা জেলার সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ এবং সদর উপজেলা যুব শক্তির আহ্বায়ক আতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা এনসিপির আহ্বায়ক নাসরিন জাহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।















