আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) তেলবাহী দুটি ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় এলাকায় এ হামলা চালানো হয়।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের তেলবাহী জাহাজে সরাসরি হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর আগে ইরানি ট্যাংকারের চলাচলে বাধা দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হলেও সরাসরি হামলা করা হয়নি।
এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। অর্থাৎ ইরান কোনো ট্যাংকারে হামলা চালালে পাল্টা হিসেবে ইরানের ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হবে।
হামলার সময় দুটি ট্যাংকার ইরানের উপকূলে মার্কিন নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। মার্কিন বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজ দুটিতে হামলা চালায়। এতে ট্যাংকারগুলোর ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য কমান্ড সেন্টকম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের ট্যাংকার ও মার্কিন সেনাদের ওপর হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে ইরানের রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন ঠেকাতে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পরিকল্পনা নিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এক মার্কিন কর্মকর্তার দাবি, মঙ্গলবার রাতে ইরান প্রায় ১০০টি হামলা চালিয়েছে।
















