নাজকা লাইনস দেখতে গিয়ে পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

 

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটক বহনকারী একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১৩ জনই নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে দেশটির বিখ্যাত পর্যটনকেন্দ্র নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে।

 

রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

পেরুর পুলিশ জানায়, বিমানটিতে ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যাওয়ায় কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতদের বেশিরভাগই পর্যটক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানান, বিমানটির সব আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

 

নাজকা লাইনস পেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত বিশ্বের অন্যতম রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিশাল আকৃতির জিওগ্লিফগুলো মাটি থেকে পুরোপুরি দেখা না গেলেও আকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায়। এ কারণে পর্যটকদের কাছে ছোট বিমানে করে এলাকাটি পরিদর্শন অত্যন্ত জনপ্রিয়।

 

ইউনেস্কো নাজকা লাইনসকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন প্রাণী, উদ্ভিদ ও জ্যামিতিক নকশায় তৈরি এসব বিশাল ভূ-চিত্র খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০ সালের মধ্যে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়।

 

পর্যটননির্ভর দেশ পেরুতে প্রতি বছর লাখো বিদেশি পর্যটক ভ্রমণ করেন। ২০২৫ সালে দেশটিতে ৪১ লাখেরও বেশি পর্যটক সফর করেছেন বলে সরকারি তথ্য বলছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted