ভারতে পালানোর আগেই গ্রেপ্তার ডেভিড ইমন, মিলল আধার কার্ড

144 বার পঠিত

অনলাইন ডেস্ক 

 

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনকে ভারতে পালানোর আগেই যশোর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাঁর কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর পরামর্শে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

 

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, পুলিশের নজরদারির তথ্য পেয়ে ডেভিড ইমন দেশ ছাড়ার পরিকল্পনা করেন। বুধবার ভোরে যশোরের ঝুমঝুমপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা থাকলেও তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে নিয়ে ফটিকছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে।

 

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। আটকের পর ডেভিড ইমন ভুয়া পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করেন। তবে আগে থেকেই তাঁর ভারতে পালানোর পরিকল্পনার তথ্য পুলিশের কাছে ছিল।

 

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমন কয়েক দিন আগে যশোর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছিলেন। পুনরায় ভারতে পালানোর সময় তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দেশি ও বিদেশি—দুটি পাসপোর্ট থাকার কথাও জানিয়েছেন।

 

পুলিশের দাবি, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড ইমন। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচ থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। সর্বশেষ একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকের কাছে দুই কোটি টাকা এককালীন এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগেও তাঁর নাম এসেছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest

0 Comments
Oldest
Newest Most Voted