পাঠক নিউজ ডেস্ক
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে আটকা পড়ার পর নিরাপদে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং ইউনিটও নিরাপদে দেশে ফিরেছে।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগ আঘাত হানে।
অপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, তাদের শুটিং টিমের পরিকল্পনা ছিল পরদিন ২৭ আগস্ট ওই পথ দিয়ে যাত্রা করার। সময়সূচিতে পরিবর্তন থাকায় তারা বড় ধরনের বিপদের মুখোমুখি হওয়া থেকে রক্ষা পান।
তিনি বলেন, তাদের কাঠমান্ডুতে প্রবেশের নির্ধারিত পথের কাছাকাছি এলাকাতেই দুর্যোগটি ঘটে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সংশ্লিষ্ট সড়কটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
দুর্যোগকবলিত মানুষের পরিস্থিতির কথা বিবেচনা করে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেয় পুরো ইউনিট। অপু বিশ্বাস বলেন, এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে গানের শুটিং চালিয়ে যাওয়া অমানবিক মনে হওয়ায় তারা কাজ বন্ধ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
বেশ কিছুদিন ধরে নেপালে সিনেমাটির শুটিং চলছিল। ‘শিকার’ ছবিতে অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখার্জি। নেপালে বন্যা ও ভূমিধসের খবর ছড়িয়ে পড়ার পর সিনেমাটির শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
এর আগে খরাজ মুখার্জি কলকাতায় ফিরে তাদের নিরাপদ থাকার কথা জানান। পরে অপু বিশ্বাস ঢাকায় ফিরে নেপালে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

















