২৬ ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

২৮ বার পঠিত

অনলাইন ডেস্ক

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২৬ ঘণ্টা ধরে তীব্র যানজট চলছে। নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজের কারণে কুমিল্লার চান্দিনা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারজুড়ে ঢাকা অভিমুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

 

শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া যানজট শনিবারও অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকায় বিশেষ করে দূরপাল্লার যাত্রী ও বিদেশগামীদের দুর্ভোগ বেড়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে বড় গর্ত দেখা দেওয়ায় শুক্রবার সকাল থেকে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। কাজের সময় একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যান চলাচল করানো হলে ধীরে ধীরে গাড়ির চাপ বাড়তে থাকে। একপর্যায়ে মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

 

শনিবার যানবাহনের বাড়তি চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। চালক ও যাত্রীরা জানান, যানজটের কারণে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে।

 

দাউদকান্দি ও কাঁচপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়ক সংস্কারের কারণে একটি লেন বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল কাজ করছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted