অনলাইন ডেস্ক
উগ্রবাদী সংগঠন বা দুর্বৃত্তদের হামলার আশঙ্কায় পুলিশের ব্যবহৃত যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ লক্ষ্যে দেশের সব ইউনিটকে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশনস কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
বার্তায় বলা হয়, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তাই দায়িত্ব পালনকালে কোনো যানবাহন সাময়িকভাবে থামাতে হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং পুলিশের নজরদারির আওতায় রাখতে হবে।
এছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস ও বিভিন্ন অফিস কম্পাউন্ডে রাখা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো সন্দেহজনক কার্যক্রম দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতেও বলা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত এ ধরনের নির্দেশনা দিয়ে থাকে। এটি রুটিন সতর্কতার অংশ এবং জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
সম্প্রতি রাজধানীতে একাধিক সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার পর এ সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি শক্তিশালী আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। এরপর বাংলাদেশ ব্যাংকের সামনে ও মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রো স্টেশন এলাকায়ও সন্দেহজনক ব্যাগ ও বস্তা পাওয়ার ঘটনায় নিরাপত্তা বাহিনী তৎপরতা চালায়। যদিও সর্বশেষ দুটি ঘটনায় কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় নিয়েই মাঠপর্যায়ে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।















