নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম (৪৫) কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সভা শেষে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সভা শেষে ডা. মোমেনুল ইসলাম অসুস্থতা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি রক্তবমি করেন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ডা. মোমেনুল ইসলাম ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। ২০২৫ সালের মে মাসে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. গোলাম মৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।


















