নিজস্ব প্রতিবেদক
সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। বৈঠকে কমিটির কাজের ধরন, কর্মপরিকল্পনা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হতে পারে।
গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে ১২ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। কমিটির দায়িত্ব হলো সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ তৈরি করে সংসদে প্রতিবেদন জমা দেওয়া। তবে কমিটিকে কত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটি সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের মতামত নেবে। পাশাপাশি বিদ্যমান সংবিধান, জুলাই জাতীয় সনদের সাংবিধানিক সংস্কার প্রস্তাব এবং বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা সংশোধনী প্রস্তাবগুলো পর্যালোচনা করে সুপারিশ তৈরি করা হবে।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রথম বৈঠকে মূলত কাজের কৌশল ও প্রক্রিয়া নির্ধারণ করা হবে। এরপর বিভিন্ন মহলের মতামত নিয়ে একটি প্রতিবেদন সংসদে জমা দেওয়া হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় সংবিধান সংশোধনের বিল প্রস্তুত করবে, যা পরে সংসদে আলোচনা ও ভোটের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে।
তবে সংবিধান সংশোধনের এই প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলোর আপত্তি রয়েছে। বিশেষ কমিটি গঠনের সময় বিরোধী দল এতে অংশ নেয়নি এবং সংসদ থেকে ওয়াকআউট করেছিল। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের সময় নির্ধারিত সংবিধান সংস্কারের প্রক্রিয়া অনুসরণ করা উচিত।
এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, বিশেষ কমিটি জুলাই জাতীয় সনদের ৪৮টি সাংবিধানিক প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ করবে, নাকি সেগুলো বিবেচনায় নিয়ে নতুন করে সংশোধনী প্রস্তাব তৈরি করবে। এ বিষয়েও প্রথম বৈঠকে প্রাথমিক আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


















