ঢাকা কলেজ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা যায়। পরে কলেজ কর্তৃপক্ষ পোস্টারগুলো অপসারণ করে।
পোস্টারিংয়ে নেতৃত্ব দেওয়া ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (পদ স্থগিত) শেখ পারভেজ মোশাররফ দাবি করেন, বিএনপির বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার ভাষ্য, এনসিপির রাজনৈতিক অবস্থান বিএনপিবিরোধী প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ এবং এ ধরনের রাজনীতি গ্রহণযোগ্য নয়।
তবে তিনি জানান, অবাঞ্ছিত ঘোষণা করা হলেও এ নিয়ে কোনো কর্মসূচি বা সংঘাতের পরিকল্পনা নেই। সাধারণ শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নেবে, সেটিকে তারা সম্মান জানাবেন।
অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তি ঢাকা কলেজ শাখার সদস্যসচিব সজিব উদ্দিন পোস্টারিংয়ের সমালোচনা করেন। তিনি বলেন, ঢাকা কলেজ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব জায়গা নয়। কাউকে একতরফাভাবে অবাঞ্ছিত ঘোষণা করার অধিকার কারও নেই।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়েছে। কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অশান্ত হোক, তা প্রশাসন চায় না।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই মার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপি স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করলেও বিএনপি অভিযোগ অস্বীকার করে। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বয়কট ও ‘অবাঞ্ছিত’ ঘোষণার কর্মসূচি দেখা যাচ্ছে।


















