অনলাইন ডেস্ক
বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। পাশাপাশি আমদানির ওপর বিদ্যমান শুল্ক কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারের আশা, সোমবার থেকেই আমদানি শুরু হলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করবে।
রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগে কিছু বাজারে এর দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১২০ থেকে ১৬০ টাকা।
ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে মরিচের উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় বাজারে এ সংকট তৈরি হয়েছে। অনেক এলাকায় মরিচগাছ নষ্ট হয়ে যাওয়ায় আড়তে পর্যাপ্ত সরবরাহ নেই। এছাড়া ভারত থেকে আমদানি বন্ধ থাকাও দাম বৃদ্ধির আরেকটি কারণ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তাদের স্বার্থে বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজি করতে না পারে, সে বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত আমদানি এবং শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।















