বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ নাবিক নিখোঁজ

150 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক

 

বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের কাছে ২৪ জন ক্রুসহ পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনার পর দুই নাবিককে জীবিত উদ্ধার করা হলেও বাংলাদেশিসহ বাকি ২২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এমভি ওশন উইনার নামের জাহাজটি ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। জাহাজটিতে ২৪ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

 

জাহাজটি পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের একটি এলাকায় ডুবে যায়।

 

ভারতীয় কোস্টগার্ডের শ্রী বিজয়া পুরমভিত্তিক মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) জানিয়েছে, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের একটি সহযোগী সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, এমভি ওশন উইনারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

এরপর জাহাজটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড। রাত ৮টার দিকে অভিযান চালিয়ে দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়।

 

নিখোঁজ নাবিকদের উদ্ধারে পরে ভারতীয় নৌবাহিনীও অভিযানে যোগ দেয়। তিনটি যুদ্ধজাহাজ—ভারাদ, আনমোল ও বিজিত—উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে।

 

কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা এখনো নিখোঁজ ২২ নাবিকের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।

 

তবে জাহাজটি ঠিক কখন এবং কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest

0 Comments
Oldest
Newest Most Voted