ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

17 বার পঠিত

স্পোর্টস ডেস্ক

 

ব্যাট হাতে আবারও ব্যর্থ বাংলাদেশ। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সেই ব্যর্থতা আড়াল হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

 

বি গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে ওঠা বাংলাদেশ আগামী বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে। এর আগে গ্রুপ পর্বে ইন্দোনেশিয়াকেও হারিয়েছিল তারা।

 

গ্রুপের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মাত্র ৮ রানে ২ উইকেট হারানোর পর জুরাইরা ও নিগার সুলতানা ২৯ রানের জুটি গড়েন। এরপর আবারও ব্যাটিং ধস নামে। ৫৫ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।

 

শেষদিকে শারমিন আক্তার ও নাহিদা আক্তারের ৪২ রানের জুটি বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেয়। শারমিন ৩১ বলে ৩৮ রান করে ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। নাহিদার ব্যাট থেকে আসে ১৬ রান। আর টপ অর্ডারে নিগার সুলতানা করেন ২৩ রান। আমিরাতের হয়ে সুরক্ষা কোট্টে নেন ৩ উইকেট।

 

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে আরব আমিরাত। বাংলাদেশের পেসার মারুফা আক্তারের দুর্দান্ত সুইংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে।

 

ইনিংসের চতুর্থ বলেই আমিরাত অধিনায়ক এশা ওঝাকে ইনসুইঙ্গারে বোল্ড করেন মারুফা। পরের ওভারেই ওয়ান ডাউনে নামা সামাইরা ধরনীধরকাকেও ফেরান তিনি।

 

পাওয়ার প্লেতে তিন ওভার বোলিং করে মাত্র ৬ রান দেন মারুফা। ৬ ওভার শেষে আমিরাতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৫ রান। পরে নবম ওভারে ফিরে নিজের স্পেল শেষ করেন তিনি। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা।

 

অন্য প্রান্তে অফস্পিনে চাপ ধরে রাখেন সুলতানা খাতুন। ১০ ওভার শেষে আমিরাতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৪ রান। এরপর ১১তম ওভারে তীর্থা সতীশ আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে।

 

ব্যাট হাতে ১৬ রান করা নাহিদা আক্তার বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি জোড়া আঘাত করে আমিরাতের ব্যাটিংয়ে আরও চাপ তৈরি করেন। আর অফস্পিনার রাবেয়া খান নেন ৩ উইকেট।

 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান করতে পারে সংযুক্ত আরব আমিরাত। পুরো ইনিংসে তারা খেলেছে ৭০টি ডট বল। ফলে বাংলাদেশ জয় পায় ৩৪ রানে।

 

দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে আটকে দেওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের উদযাপনও ছিল ব্যতিক্রমী। এক হাত ওপরে তুলে অন্য হাতের আঙুল ঠোঁটে রেখে যেন সমালোচকদের নীরব থাকার বার্তাই দেন তারা।

 

এই জয়ে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এখন সেমিফাইনালে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted