আশির দশকে কেন ফিরতে চায় মন?

59 বার পঠিত

গালিবা আনতারা সোয়ারা

 

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকেই একটা বিষয় চোখে পড়ল—অনেকেই নিজের ছবি আশির দশকের মতো করে এডিট করছেন। কারও পরনে পুরোনো দিনের পোশাক, কারও চুলের স্টাইল বদলে গেছে, কারও ছবির পেছনে পুরোনো দিনের স্টুডিও। ছবিগুলো দেখে মনে হচ্ছে, মানুষগুলো যেন সত্যিই কয়েক দশক পেছনে চলে গেছে। পরে বুঝলাম, এগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ছবি। আর বেশির ভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে ChatGPT। বিষয়টা বেশ মজার। নিজের একটা ছবি দিলেই সেটাকে আশির দশকের আবহে সাজিয়ে দেওয়া যাচ্ছে। তাই অনেকেই কৌতূহল থেকে নিজের ছবি দিয়ে দেখছেন—‘আশির দশকে আমি কেমন দেখতে হতাম?’ কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়—হঠাৎ আশির দশক কেন?

 

হয়তো এর উত্তর লুকিয়ে আছে পুরোনো দিনের প্রতি আমাদের টানে। আশির দশক অনেকের নিজের দেখা সময়। আবার অনেকের দেখা নয়, কিন্তু বাবা-মায়ের গল্পে, পুরোনো ছবিতে, সিনেমায় কিংবা গানে সেই সময়টাকে চেনা। তাই আশির দশক আমাদের কাছে একদিকে বাস্তব স্মৃতি, অন্যদিকে কল্পনার একটা সময়।আজকের জীবন অনেক ব্যস্ত। হাতে স্মার্টফোন, সামনে ইন্টারনেট, মুহূর্তেই খবর, ছবি, ভিডিও—সবকিছু পাওয়া যায়। আমরা এখন ছবি তুলি আর সঙ্গে সঙ্গেই পোস্ট করি। কিন্তু একটা সময় ছবি তুলতে হলে ক্যামেরা লাগত। ছবি তোলার পর অপেক্ষা করতে হতো। তারপর সেই ছবি অ্যালবামে রাখা হতো। পরিবারের সবাই মিলে বসে পুরোনো অ্যালবাম দেখা ছিল আলাদা আনন্দের ব্যাপার। সেই সময়টা হয়তো ধীর ছিল। আর এই দ্রুতগতির জীবনে দাঁড়িয়ে ধীর সময়ের প্রতি একটা আলাদা মায়া তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে আজকের এই ছবিগুলো শুধু পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে না। এগুলো একটা নতুন প্রশ্নও সামনে আনছে—প্রযুক্তি কি আমাদের শুধু ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, নাকি মাঝে মাঝে অতীতেও ফিরিয়ে দিচ্ছে?

 

ChatGPT-এর মতো AI এখন এমন অনেক কিছু করতে পারছে, যা আগে ভাবাই কঠিন ছিল। নিজের একটা সাধারণ ছবি দিয়ে মানুষ নিজের জন্য তৈরি করে নিতে পারছে অন্য একটা সময়ের গল্প।

কেউ দেখছেন নিজেকে আশির দশকের তরুণ হিসেবে, কেউ পুরোনো দিনের সাজে। কেউ আবার এমন ছবি বানাচ্ছেন, যেন বহু বছর আগের কোনো পারিবারিক অ্যালবাম থেকে ছবিটা বের হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো—যাঁরা আশির দশক দেখেননি, তাঁরাও এখন সেই সময়টাকে নিজেদের মতো করে ‘দেখে’ নিতে পারছেন।অবশ্য AI-এর তৈরি ছবি বাস্তব ইতিহাস নয়। আশির দশকও শুধু সুন্দর পোশাক, পুরোনো ক্যামেরা আর নস্টালজিয়ার সময় ছিল না। সেই সময়েরও ছিল নানা সমস্যা ও সীমাবদ্ধতা। আমরা ছবিতে সাধারণত তার সুন্দর দিকটাই দেখি।তারপরও আজকের এই নতুন ট্রেন্ডটা বেশ interesting। কারণ মানুষ আসলে সবসময় শুধু নতুন কিছু চায় না। মাঝে মাঝে পুরোনোটাকেও একটু ছুঁয়ে দেখতে চায়। হয়তো আমরা সত্যিই আশির দশকে ফিরতে চাই না। আমরা শুধু জানতে চাই—সেই সময়টা কেমন ছিল? আর আমি যদি তখন থাকতাম, আমাকে কেমন দেখাত?

 

একটা ছবি হয়তো সেই প্রশ্নের পুরো উত্তর দিতে পারে না। কিন্তু কয়েক মুহূর্তের জন্য আমাদের কল্পনায় নিয়ে যেতে পারে সেই সময়ে। সময়কে ফিরিয়ে নেওয়া যায় না।তবে প্রযুক্তির হাত ধরে অতীতকে একটু ছুঁয়ে দেখা যায়।

 

শিক্ষাথৃী, বাংলা বিভাগ

 গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted