কলকাতার নিউমার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

৪১ বার পঠিত

কলকাতা প্রতিনিধি

 

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, নিহত সবাই বাংলাদেশের নাগরিক। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

 

বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন নামের হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহত ও আহতদের অধিকাংশই হোটেলটির আবাসিক ছিলেন। চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের অনেকেই ওই এলাকার হোটেলগুলোতে অবস্থান করেন। শিখা ইনও বাংলাদেশি পর্যটকদের কাছে পরিচিত আবাসিক হোটেল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

 

হোটেলটির এক আবাসিক মো. রফিকুল ইসলাম জানান, রাত পৌনে ২টার দিকে ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় পুরো হোটেল আচ্ছন্ন হয়ে পড়লে অনেকেই ভেতরে আটকা পড়েন।

 

তিনি অভিযোগ করেন, হোটেলটিতে প্রবেশের পথ ছিল সরু ও অপ্রশস্ত এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

 

ঘটনাস্থল কলকাতা দমকল বাহিনীর সদর দপ্তরের কাছেই হওয়ায় খবর পাওয়ার পর দ্রুত সেখানে পৌঁছান দমকলকর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে এনে হোটেলের ভেতরে আটকে পড়া আবাসিকদের উদ্ধারে অভিযান চালানো হয়।

 

কলকাতা পুলিশের পক্ষ থেকে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহত ৮ জনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

 

দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

 

পাঁচতলা ওই ভবনের বিভিন্ন তলায় একাধিক আবাসিক হোটেল রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব হোটেলের কয়েকটি প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

 

ওই এলাকায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বেশি। চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া অনেক বাংলাদেশি নিউমার্কেট ও মির্জা গালিব স্ট্রিটের আশপাশের হোটেলগুলোতে অবস্থান করেন। ফলে অগ্নিকাণ্ডের পর নিহত ও আহতদের মধ্যে আরও বাংলাদেশি আছেন কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted