গাজীপুরে খাদ্য পরীক্ষায় চালু হলো ভ্রাম্যমাণ মোবাইল ল্যাবরেটরি

২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর

 

খাদ্যে ভেজাল ও দূষণ রোধের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গাজীপুরে আধুনিক সরঞ্জামসমৃদ্ধ ভ্রাম্যমাণ মোবাইল ল্যাবরেটরি কার্যক্রম শুরু হয়েছে।

 

সোমবার (১০ আগস্ট) কালিয়াকৈর উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে ল্যাবরেটরিটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য, নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানান, ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে বাজারে বিক্রি হওয়া বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা ঘটনাস্থলেই পরীক্ষা করা সম্ভব হবে। ফলমূল, শাকসবজি, হলুদ, ধনিয়া ও মরিচের গুঁড়া, ঘি, মধু, দুধ, লবণ, গুড়, ডাল, মাছ ও মাংসসহ বিভিন্ন পণ্যের গুণগত মান যাচাই করা যাবে।

 

উদ্বোধনের পর কালিয়াকৈর বাজারের কয়েকটি দোকান থেকে খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে তাৎক্ষণিক পরীক্ষা করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। মানহীন বা অনিরাপদ খাদ্য বিক্রি না করার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনীয় ক্ষেত্রে উপজেলা প্রশাসনকে অবহিত করে নোটিশও দেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, খাদ্যপণ্যের মান দ্রুত যাচাইয়ের সুযোগ থাকায় এই মোবাইল ল্যাবরেটরি গাজীপুরে ভেজাল ও দূষিত খাবার শনাক্তে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাজারে নিয়মিত নজরদারি ও পরীক্ষার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কাজ আরও গতিশীল হবে।

 

তারা আরও জানান, ল্যাবরেটরিটির মাধ্যমে খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা কার্যক্রম, বাজার পরিদর্শন এবং বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

 

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted