ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা কলেজে দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ ও পর্যাপ্ত আবাসিক সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় নতুন হল নির্মাণসহ আবাসন সংকটের স্থায়ী সমাধানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীদের ‘হল আমার অধিকার, দিতে হবে দিতে হবে’, ‘প্রশাসন জবাব দাও, নতুন হল করে দাও’, ‘সিট নাই, জায়গা নাই, আর কত কষ্ট চাই’, ‘মেধার মূল্য দাও, শিক্ষার্থীর আবাসন দাও’ এবং ‘নতুন হল স্থাপন করো, আবাসন সমস্যা সমাধান করো’—এ ধরনের স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী হাসান আল মামুন বলেন, শিক্ষার্থীদের জন্য হলে আবাসিক সিট পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঢাকার বাইরে থেকে নতুন শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার পর আবাসন ও আর্থিক সংকটসহ নানা সমস্যায় পড়েন।
তিনি বলেন, কলেজে নতুন হল নির্মাণ করে শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিকভাবে সিট বরাদ্দ দেওয়া হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সাধারণ শিক্ষার্থীরা। তাই দ্রুত নতুন হল নির্মাণের উদ্যোগ নিয়ে আবাসন সংকট সমাধানে কলেজ প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।
আরেক শিক্ষার্থী সম্রাট জাহাঙ্গীর বলেন, নতুন হল নির্মাণ ঢাকা কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। আবাসিক হলে পর্যাপ্ত সিট না থাকায় অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে কলেজের বাইরে মেসে থাকতে হচ্ছে। এতে বাড়তি খরচের পাশাপাশি তাদের নানা ধরনের ভোগান্তিও পোহাতে হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা এই সমস্যার সাময়িক নয়, স্থায়ী সমাধান চাই। শিক্ষার্থীদের আবাসন সংকট বিবেচনায় নিয়ে দ্রুত নতুন হল নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রশাসনও একমত, বলছেন উপাধ্যক্ষ শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ আনোয়ার মাহমুদ বলেন, শিক্ষার্থীদের নতুন হল নির্মাণের দাবির সঙ্গে কলেজ প্রশাসনও একমত। দীর্ঘ সময় ধরে কলেজের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজনের তুলনায় কম হওয়ায় আবাসন সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, ১৮৪১ সালে প্রতিষ্ঠিত ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়ন প্রতিষ্ঠানটির বয়স ও শিক্ষার্থীর সংখ্যার তুলনায় যথেষ্ট হয়নি। ফলে দীর্ঘদিন ধরে আবাসিক সংকট রয়ে গেছে। এ সমস্যা সমাধানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে।
উপাধ্যক্ষ জানান, আগের সরকারের সময় ইলিয়াস হলে নতুন একটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় মন্ত্রীকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও পরবর্তী সময়ে প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি হয়নি।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক সমস্যা সমাধানে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী শেখ রবিউল আলেমের কাছে কলেজ অধ্যক্ষের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে ১০ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন ও আবাসিক ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসিক সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ।


















