ঢাকা কলেজ প্রতিনিধি
বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের ‘জাতির শ্রেষ্ঠ সন্তান’ হিসেবে উল্লেখ করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২৯ জুলাই) ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করা হয়।
শেখ রবিউল আলম বলেন, জুলাই আন্দোলনে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি দাবি করেন, আন্দোলনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে আন্দোলনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দিয়েছিলেন এবং সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন।
মন্ত্রী বলেন, রাজনীতিবিদরা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন বাজি রেখে ছাত্র-জনতার পাশে ছিলেন। তাঁদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের কারণেই আন্দোলন সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনের সময় যাদের মাঠে দেখা যায়নি, তারাও এখন নিজেদের আন্দোলনের মূল নেতৃত্ব হিসেবে দাবি করছেন। তবে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের সেই দাবির জবাব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
























