ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও আন্দোলনকারীদের প্রায় সব দাবি নরেন্দ্র মোদির সরকার মেনে নেওয়ার আশ্বাসে টানা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
শনিবার নানা নাটকীয়তার পর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দেশটির কেন্দ্রীয় সরকারের দুই হেভিওয়েট মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এ ঘোষণা দেন সিজেপির দুই শীর্ষ মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজ কাল থেকেই দিল্লির যন্তর মন্তরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ একাধিক দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে সোচ্চার ছিলেন।
যদিও আগের দিন রাতে এনডিটিভিসহ ভারতের বেশিরভাগ সংবাদমাধ্যম নিশ্চিত করে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। তবে অবাক করে দিয়ে শনিবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগের পর ধর্মেন্দ্র সংবাদমাধ্যমকে বলেন, ‘যন্তর মন্তরসহ সারাদেশে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, কোনো দেশবিরোধী শক্তি যাতে এর সুযোগ নিতে না পারে, দেশের ঐক্য যেন পূর্ণমাত্রায় বজায় থাকে, ভারতের একটি ছাত্রের ভবিষ্যৎও যেন দীর্ঘমেয়াদী আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে এবং আমাদের সন্তানরা যেন আবারও নিরাপদে পড়াশোনায় সময় দিয়ে ক্যারিয়ার গড়ায় মনোযোগ দিতে পারে- এসব বিষয় বিবেচনায় রেখে প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।’
























