বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ’২৪ ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে হল ক্যানটিনের এক কর্মচারী ও তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ ও শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, হলের গণরুম–সংলগ্ন ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মোবাইল ফোন ব্যবহার করে এক ছাত্রীর ভিডিও ধারণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী সহপাঠীদের জানালে আবাসিক শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন।
পরে শিক্ষার্থীদের সহযোগিতায় হল ক্যানটিনের কর্মচারী ইমাম হাসানকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি একই কৌশলে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ করে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দিতেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের মারধরে আহত হওয়ায় অভিযুক্তকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর স্ত্রীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, স্বামীকে আটক করার পর তিনি ঘটনাস্থলে এসে মারমুখী আচরণ করেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। যৌন হয়রানির ঘটনার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। এর ফলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।
বিজয় ’২৪ হলের প্রভোস্ট অধ্যাপক সেলিনা আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি তদন্তে প্রশাসনিক সভা চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
























