অনলাইন ডেস্ক
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এতে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
পিএসসির নির্ধারিত সূচি অনুযায়ী ফল প্রকাশের কথা ছিল ৩০ জুলাই। তবে নির্ধারিত সময়ের সাত দিন আগেই ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের এসএমএস সেবার মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।
পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে।
এদিকে দ্রুত ফল প্রকাশ হলেও চূড়ান্ত নিয়োগে এখনো জটিলতা রয়ে গেছে। ৪৫তম, ৪৬তম ও ৪৯তম বিসিএসের চূড়ান্ত সুপারিশের পরও পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার ধীরগতির কারণে অনেক প্রার্থী এখনো চাকরিতে যোগ দিতে পারেননি।
উল্লেখ্য, ৫০তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ১৫০ জনকে ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদ রয়েছে। সবচেয়ে বেশি ৬৫০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে।
























