ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রিফাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত রিফাত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা জয়নুদ্দীনের ছেলে। গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে রিফাতের মৃত্যু হয়েছে।
হাসপাতালের ডেঙ্গু সামারি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। মারা গেছেন একজন।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন নারী এবং একজন শিশু। আক্রান্তদের হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। রোগীর চাপ আরও বাড়লে প্রয়োজন অনুযায়ী ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থাপনা আরও সম্প্রসারণ করা হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে ছয়জন মারা গেলেন। রোগীদের চিকিৎসার জন্য আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু রয়েছে।
























