আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপসংলগ্ন এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোরে আঘাত হানা ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি)।
বিএমকেজি জানিয়েছে, ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার। এর পর বেশ কয়েকটি শক্তিশালী আফটারশকও অনুভূত হয়।
ভূমিকম্পের পর পূর্ব নুসা তেংগারা, পশ্চিম নুসা তেংগারা ও দক্ষিণ সুলাওয়েসির উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কা তৈরি হয়। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের উপকূল ও নদীর তীর থেকে দূরে সরে উঁচু বা নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়।
পরে সমুদ্রপৃষ্ঠে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা না থাকায় সুনামি সতর্কতা প্রত্যাহার করে বিএমকেজি। তবে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ভূমিকম্পে ভবন ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, পূর্ব নুসা তেংগারা প্রদেশের সিক্কা রিজেন্সিতে অন্তত দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত ইন্দোনেশিয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।















