অনলাইন ডেস্ক
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত চালু রাখার অনুমতি ছিল। ফলে নতুন সিদ্ধান্তে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হলো।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সীমা কার্যকর হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান নতুন সময়সীমার আওতামুক্ত থাকবে।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোসহ বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনার বিষয়টি জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান বিদ্যুৎ পরিস্থিতিতে সাশ্রয়ী ব্যবহারের অংশ হিসেবেই এসব সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখতে হবে এবং সন্ধ্যা ৭টার পর আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা চালু রাখা যাবে না।

















