ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকার আয়োজনে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বাসেড কুইজ মাস্টার-২০২৬’ অনুষ্ঠিত

2 বার পঠিত

সাকিবুল হাছান 

 

ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, শিক্ষাক্ষেত্রে উৎসাহ প্রদান এবং উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী আয়োজন করেছে ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড)। সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বাসেড কুইজ মাস্টার-২০২৬’।

 

অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল এবং রানারআপ হয় ব্রাহ্মণপাড়া ৭১ মাল্টিমিডিয়া হাই স্কুল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬০ জন শিক্ষার্থীর প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও বাসেডের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুনের পক্ষ থেকে নগদ ৫০০ টাকা করে উপহার দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ব্রাহ্মণপাড়া উপজেলার ৫০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, পবিত্র কোরআন শরিফ এবং বাসেডের পৃষ্ঠপোষক মহসিন কবির সরকারের পক্ষ থেকে নগদ ১ হাজার টাকা করে উপহার দেওয়া হয়।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য পরিচালিত বাসেডের বিনামূল্যের ভর্তি প্রস্তুতিমূলক কোচিং ‘অন্বেষণ’-এর শিক্ষার্থীদেরও বিশেষ উপহার প্রদান করা হয়। বাসেডের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তি প্রস্তুতির বই ও নামাজের জায়নামাজ উপহার দেওয়া হয়।

 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাসেডের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুনকে সংগঠনের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান। সংগঠনের প্রতি তাঁর অবদান ও ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

 

বাসেডের সভাপতি আরাফাত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাসেডের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম, অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বশিরুল ইসলাম, বাসেডের সাবেক সভাপতি গোলাম হোসেইন খান আজিম, ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, বাসেডের সাবেক সভাপতি আবু হানিফ সিরাজী ও আইয়ুব খান এবং বিএসএ সভাপতি আলিফ ভূঁইয়াসহ বাসেডের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

 

শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভা অন্বেষণ, উচ্চশিক্ষায় উৎসাহ প্রদান এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি ব্রাহ্মণপাড়ার শিক্ষাঙ্গনে এক ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest

0 Comments
Oldest
Newest Most Voted