হুথিদের বিরুদ্ধে নতুন অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

 

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রেড সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ ও বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারকে লক্ষ্য করে কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে বলে আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।

 

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, রিয়াদ দুটি সম্ভাব্য পরিকল্পনা বিবেচনা করছে। এর একটি হলো বাব আল-মান্দাবকে ঘিরে সীমিত স্থল অভিযান। অন্যটি ইয়েমেনের আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফসহ একাধিক ফ্রন্টে একযোগে অভিযান চালানো।

 

পরিকল্পনা অনুযায়ী, স্থল অভিযানে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী নেতৃত্ব দিতে পারে। তাদের সহায়তায় সৌদি আরব বিমান হামলা চালাবে। অভিযানের পরিসর বড় হলে এক লাখের বেশি ইয়েমেনি সেনা মোতায়েনের সম্ভাবনাও রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা সহায়তা দিচ্ছে। কয়েকটি আঞ্চলিক ও ইউরোপীয় দেশ সৌদিকে প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে বলেও সূত্র জানিয়েছে। তবে মিত্র দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নেবে কি না, তা স্পষ্ট নয়।

 

সম্প্রতি ইয়েমেনের রেড সাগর উপকূল ধরে অগ্রসর হয়ে হুথিরা বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। প্রণালিটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার সৌদি পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য। রেড সাগরের দক্ষিণ প্রবেশপথের এই নৌপথটি ইউরোপ ও এশিয়ার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ।

 

তবে অভিযান শুরুর নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টদের কেউ কেউ এক সপ্তাহের মধ্যে অভিযান শুরুর সম্ভাবনার কথা বললেও নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরও তা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সৌদি আরব ২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের যুদ্ধে সামরিকভাবে হস্তক্ষেপ করে। ২০২২ সালে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনায় ইয়েমেন পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে ওঠে। রয়টার্সের তথ্য অনুযায়ী, এ সময় হুথিরা সৌদি নৌযান ও তেল অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest

0 Comments
Oldest
Newest Most Voted