গালিবা আনতারা সোয়ারা
আমরা জানি, ২৩ সেপ্টেম্বর দিন ও রাত প্রায় সমান ছিল। প্রকৃতির নিয়মে আলো আর অন্ধকার নিজেদের মধ্যে ভারসাম্য তৈরি করেছিল। কিন্তু এই দিন-রাত সমান হওয়ার প্রভাব কি আমাদের জীবনে কোনোভাবে পড়েছে? আমরা কি একবারও ভেবে দেখেছি—প্রকৃতি যেখানে এত সুন্দরভাবে ভারসাম্য ধরে রাখে, সেখানে আমাদের জীবন এতটা অসম কেন? আমরা দিনের পর দিন ছুটছি। ভালো ফলাফল চাই, ভালো চাকরি চাই, নিজের একটা পরিচয় চাই। ভবিষ্যৎ গড়ার চিন্তায় অনেক সময় বর্তমানটাকেই ভুলে যাই। পড়াশোনার চাপ, কাজের চাপ, পরিবারের দায়িত্ব, সম্পর্কের টানাপোড়েন—সবকিছু সামলাতে গিয়ে নিজের জন্য একটু সময় রাখার কথাই ভুলে যাই।
অথচ প্রকৃতি আমাদের প্রতিদিনই কিছু না কিছু শেখায়। দিনের পর রাত আসে, রাতের পর আবার সকাল হয়। আলো যেমন প্রয়োজন, তেমনি অন্ধকারও প্রয়োজন। তাহলে আমাদের জীবনেই কেন শুধু ছুটে চলা? কেন বিশ্রামের জন্য একটু জায়গা নেই?
আমাদেরও ক্লান্ত হওয়ার অধিকার আছে। মন খারাপ করার অধিকার আছে। কখনো একটু থেমে যাওয়ারও প্রয়োজন আছে। আমরা অনেক সময় বিশ্রামকে অলসতা ভাবি, নিজের জন্য সময় কাটানোকে সময় নষ্ট মনে করি। অথচ পরিবারের সঙ্গে কিছুক্ষণ কথা বলা, বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়া, প্রিয় বই পড়া কিংবা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকা—এসবও জীবনেরই অংশ।
জীবন তো শুধু অর্জনের হিসাব নয়। একজন শিক্ষার্থীর শুধু ভালো ফলাফল নয়, তার হাসিও দরকার। একজন কর্মজীবী মানুষের শুধু দায়িত্ব নয়, তার বিশ্রামও দরকার। একজন মা শুধু পরিবারের যত্ন নেবেন না, তাঁর নিজের জন্যও কিছু সময় থাকা দরকার। একজন বাবারও দায়িত্বের বাইরে একটু নিশ্চিন্তে বসে থাকার প্রয়োজন আছে।
দিন-রাতের এই ভারসাম্য আমাদের মনে করিয়ে দেয়—কোনো অবস্থাই চিরস্থায়ী নয়। আজকের কঠিন সময় একদিন বদলে যাবে। আজকের ব্যর্থতা হয়তো আগামী দিনের অভিজ্ঞতা হয়ে থাকবে। আজকের মন খারাপও একদিন স্মৃতি হয়ে যেতে পারে।
তাই সবকিছু একসঙ্গে ঠিক করার চেষ্টা না করে কখনো কখনো একটু থামা দরকার। নিজের সঙ্গে কথা বলা দরকার। নিজেকে জিজ্ঞেস করা দরকার—আমি কি সত্যিই ভালো আছি, নাকি শুধু ভালো থাকার চেষ্টা করছি?
প্রকৃতি তার নিয়মে চলে। দিন আসে, রাত আসে। আলো আসে, অন্ধকার আসে। আবার সবকিছু নতুন করে শুরু হয়। আমাদের জীবনেও তেমনই হওয়া উচিত। সবসময় জিততে হবে না, সবসময় হাসতেও হবে না। কখনো থামতে হবে, বিশ্রাম নিতে হবে, নিজের যত্ন নিতে হবে—তারপর আবার নতুন করে শুরু করতে হবে।
২৩ সেপ্টেম্বরের দিন-রাতের সাম্য হয়তো ক্যালেন্ডারের একটি তারিখ মাত্র। কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে জীবনের একটি বড় শিক্ষা—প্রকৃতি যদি আলো আর অন্ধকারের মধ্যে ভারসাম্য রাখতে পারে, তাহলে আমরাও পারি আমাদের ব্যস্ততা আর বিশ্রাম, দায়িত্ব আর নিজের জন্য সময়, পাওয়া আর না-পাওয়ার মধ্যে একটু ভারসাম্য খুঁজে নিতে।
প্রকৃতি তার ভারসাম্য খুঁজে নেয়। এবার আমাদেরও নিজেদের ভারসাম্যটা খুঁজে নেওয়া দরকার।
শিক্ষার্থী, বাংলা বিভাগ
গোবিপ্রবি














