সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে: শফিকুর রহমান

জেলা প্রতিনিধি

 

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেছেন, সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। ওয়াদা করে তা লঙ্ঘন করায় জনগণ সরকারকে ক্ষমা করবে না।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

 

সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে তারা রাজপথে নেমেছেন। একই সঙ্গে জনগণের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের দাবিও রয়েছে।

 

তিনি বলেন, “এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।”

জামায়াতের আমির আরও বলেন, জনগণের দাবি পূরণের জন্য তারা রাস্তায় নেমেছেন এবং দাবি আদায় করেই ঘরে ফিরবেন। ঐক্যবদ্ধ এই প্রচেষ্টা সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট এই লং মার্চের আয়োজন করেছে।

 

সকাল থেকেই রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা, নারায়ণগঞ্জ শহর ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকেরা শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে লং মার্চটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।

 

শিমরাইলের অস্থায়ী মঞ্চে আয়োজিত পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।

 

লং মার্চটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted