ইয়াসিন আরাফাত
বরিশালের গৌরনদীতে বিডি ক্লিন-বরিশাল এর অতিঃ সমন্বয়ক মিনহাজুল আবেদিন(শান্ত)কে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মিনহাজুল আবেদিন (২৬)।
অভিযোগ সূত্রে জানা গেছে, মিনহাজুল আবেদিন গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় বিডি ক্লিনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে পরিচ্ছন্নতামূলক কাজ করে আসছেন। এ কারণে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন জননী সুপার মার্কেটে অভিযুক্তদের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মিনহাজুল।
অভিযোগে বলা হয়, ১ নম্বর অভিযুক্ত মো. পলাশ তালুকদার তাকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি চড়, থাপ্পড়, কিল ও ঘুষি মেরে আহত করা হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে অভিযুক্তরা এ বিষয়ে কোথাও মামলা বা অভিযোগ করলে মিনহাজুল ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।
মিনহাজুলের দাবি, গত ১২ আগস্ট উপজেলা নির্বাহী অফিসে বিডি ক্লিনের একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর থেকেই তাকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি অভিযুক্তদের একাধিকবার বোঝানোর চেষ্টা করেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিনহাজুল আবেদিন শান্ত।
অভিযোগে অভিযুক্তরা হলেন, মো. পলাশ তালুকদার ও মো. সাগর মিয়া। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।















