অনলাইন ডেস্ক
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্ট রায় দিয়েছেন। রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামিকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০১৯ সালের ২৭ মার্চ নুসরাতকে নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা প্রত্যাহার না করায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে নুসরাতের ওপর হামলা চালিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় তার ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলায় সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও জেল আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট আজ রায় ঘোষণা করেন।















