সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নওগাঁর আত্রাইয়ের ৭ প্রবাসীর মৃত্যু

৩২ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি

 

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) কারখানাটিতে আগুন লাগার পর তাদের মৃত্যুর খবর পাওয়া যায়।

 

নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

রোববার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেওয়া এক শোকবার্তায়ও অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি শ্রমিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়। একই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা ওই প্রবাসীরা জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে একটি সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন। রোববার হঠাৎ কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়লে তারা প্রাণ হারান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।

 

মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ

 

অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

এক শোকবার্তায় প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের এমন মর্মান্তিক ও অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ ও ঘটনাস্থলের সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

 

নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

 

এদিকে সাত প্রবাসীর মৃত্যুর খবরে আত্রাই উপজেলার স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted