বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, জামিন বাতিলের উদ্যোগ সরকারের

অনলাইন ডেস্ক 

 

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ শুরু করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার জানতে পেরেছে। ওই জামিন আদেশ বাতিলের জন্য ইতোমধ্যে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে। পাশাপাশি আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের প্রক্রিয়াও চলছে।

 

তিনি আশা প্রকাশ করে বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন বাতিল করা সম্ভব হবে এবং বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা যাবে।

 

একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কিছু কার্যক্রম নজরে এসেছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

রাজধানীতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলোর বিষয়ে তিনি বলেন, প্রতিটি ঘটনার তদন্ত চলছে। মিরপুর-১০ মেট্রো স্টেশনে পাওয়া সন্দেহজনক বস্তা পরীক্ষা করে বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে কোনো বিস্ফোরক না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

 

উল্লেখ্য, সম্প্রতি পুলিশ সদর দপ্তরও পুলিশের যানবাহন সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted