জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. আসাদুল্লাহকে একটি চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পাবনায় গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসাদুল্লাহ সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণার জন্য পাবনা-২ আসনে এনসিপির অ্যাম্বাসেডর ছিলেন আসাদুল্লাহ।
আসাদুল্লাহর পরিবার জানায়, নির্বাচনের পর রাতে কয়েকজন লোক তাদের বাসায় যায় এবং তার বাবার গায়ে রং ঢেলে দেয়। এসময় আসাদের গায়েও রং দেয়। এর প্রতিবাদ করলে ওই লোকজন আসাদের ওপর আক্রমণ করে। এরপর পুরনো মামলায় হেনস্তা করার উদ্দেশ্য পুলিশ ডেকে তাকে গ্রেপ্তার করায়।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে আসাদকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একটি মামলা দেখিয়ে গ্রেফতার দেখানো হয়। এত রাতে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা বিস্মিত হয়েছি ও তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।