নিজস্ব প্রতিবেদক:
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৭ জুলাই শুরু হচ্ছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ই-হজ সিস্টেমের মাধ্যমে নিবন্ধন করা যাবে। পরে নির্ধারিত অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সরকারি বা বেসরকারি—উভয় মাধ্যমেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে তার আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রাথমিকভাবে নিবন্ধিতদের ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেম (hajj.gov.bd)-এ নিজে ইউজার অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।
সরকারি মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। বেসরকারি মাধ্যমে নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে।
১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া, ক্যানসারের কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলমান রোগী এবং যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজের অনুমতি পাবেন না।
এ ছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদেরও হজের জন্য ফিটনেস সনদ দেওয়া হবে না।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদসম্পন্ন পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।
























