সাকিবুল হাছান
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। প্রত্যেক শিক্ষক পাবেন ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র।
সোমবার দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। শিক্ষকদের অবদান ও ভূমিকার স্বীকৃতি দেওয়া এবং তাঁদের পেশাগত মর্যাদা তুলে ধরাই দিবসটির অন্যতম উদ্দেশ্য।
এবার প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০ জন, কলেজে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন। এ ছাড়া চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ৬ জন শিক্ষকও এ তালিকায়
রয়েছেন।
প্রাথমিক পর্যায়ের ১০ শিক্ষকের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন এবং মাদ্রাসার ২ জন রয়েছেন। মাধ্যমিক পর্যায়ে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন শিক্ষক রয়েছেন।
কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন শিক্ষক সম্মাননা পাবেন। সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জনের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন।
চিকিৎসা শিক্ষায় ৫ জন চিকিৎসা মহাবিদ্যালয় ও ৫ জন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সম্মাননা দেওয়া হবে।
গুণী শিক্ষক বাছাইয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর পৃথক সার্চ কমিটি গঠন করে। প্রতিটি ক্যাটাগরিতে তিনজন শিক্ষকের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়েও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সার্চ কমিটি একইভাবে প্যানেল তৈরি করে।
এসব প্যানেল থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি চূড়ান্তভাবে সম্মাননার জন্য শিক্ষকদের নির্বাচন করেছে।
বিশ্বজুড়ে প্রতিবছর ৫ অক্টোবর ইউনেসকো ঘোষিত প্রতিপাদ্যের আলোকে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। দেশের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানেও দিনটি নানা আয়োজনে পালন করা হবে।















