পাঠক নিউজ প্রতিবেদক
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে তিনি জয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদেpর বিরুদ্ধে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
ভোটের ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল।
এর আগে দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতেই মাইক নিয়ে কারিগরি সমস্যায় পড়েন সিইসি। পরে তিনি দুই প্রার্থীর নাম ঘোষণা করে ভোটগ্রহণের নিয়ম সংসদ সদস্যদের জানান।
এরপর নির্বাচনি কর্মকর্তারা সংসদ সদস্যদের আসনে গিয়ে ব্যালট পেপার পৌঁছে দেন। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে ও স্বাক্ষর করে ভোট দেন।
প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্য ভোট দেন। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্যের ভোট দেওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারেননি। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় প্রার্থী অলি আহমদ ভোট দেওয়ার সুযোগ পাননি।
ভোট গ্রহণের জন্য সংসদ কক্ষে তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছিল। পর্যায়ক্রমে সংসদ সদস্যদের ব্যালট দেওয়া হয়। ভোট শেষে নির্ধারিত ব্যালট বাক্সে তা জমা দেন তাঁরা।
ভোটগ্রহণের শুরুতে প্রথম ২০ মিনিটের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্স খুলে প্রকাশ্যে গণনা শুরু হয়। গণনা শেষে সিইসি ফলাফল ঘোষণা করেন।
১৯৯১ সালের ৮ অক্টোবর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে একাধিক প্রার্থী না থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে ৩৫ বছর পর আবার সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে এবারের নির্বাচনে দুই প্রার্থীর ভোটের ব্যবধান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।















