দীর্ঘদিন তালাবদ্ধ থাকার পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল ৭টার দিকে কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীদের নেতৃত্বে কার্যালয়টির তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়।
তৃণমূলের সরব উপস্থিতি ও কার্যালয় দখল প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, একদল নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেন। তবে এই সময় জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে সেখানে দেখা যায়নি; মূলত কাদির হানিফ ইউনিয়নের তৃণমূল পর্যায়ের কর্মীদেরই সেখানে সক্রিয় অবস্থানে দেখা গেছে।
বিএনপি প্রার্থীকে অভিনন্দন ও জামায়াত-বিরোধী স্লোগান কার্যালয়টি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর নেতাকর্মীরা ২৬-এর জাতীয় নির্বাচনে নোয়াখালী-৪ আসনে নবনির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তবে বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেও তারা জামায়াত-শিবিরের বিরুদ্ধে তীব্র অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা “জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়” এবং “মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এক হও” বলে আক্রমণাত্মক স্লোগান দিতে থাকেন।
রাজনৈতিক মেরুকরণ ও প্রশাসনের ভূমিকা চলতি নির্বাচনে আওয়ামী লীগের আনুষ্ঠানিক অংশগ্রহণ না থাকলেও, দলীয় কার্যালয় থেকে বিএনপি প্রার্থীকে অভিনন্দন এবং একই সাথে জামায়াত-বিরোধী কঠোর অবস্থান নেওয়াকে স্থানীয় রাজনীতির এক নতুন সমীকরণ হিসেবে দেখছেন অনেকে।
কার্যক্রম সীমিত থাকা দলীয় কার্যালয়টি প্রকাশ্যে দখলে নেওয়ার বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকায় কোনো অতিরিক্ত পুলিশ মোতায়েন না থাকলেও পরিস্থিতি শান্ত রয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম এ প্রসঙ্গে জানান, ঘটনাটি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত ছিলেন না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।